reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রাজধানীতে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে দুজন নিহত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম নাছিমা বেগম। তিনি মিরপুর–২ নম্বর জনতা হাউজিং এলাকায় থাকতেন। নিহত আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর মডেল থানা–পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীরের পাশে লাইন ধরে টিসিবির পণ্য কিনছিলেন লোকজন। বেলা দেড়টার দিকে হঠাৎ কলেজের দেয়াল ধসে পড়ে। এতে টিসিবির লাইনে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কারও মুখ, কারও পা থেঁতলে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর সংবাদে নিশ্চিত হওয়া গেছে।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেছেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক পাশের পুরোনো সীমানাপ্রাচীর হঠাৎ ধসে পড়েছে। টিসিবির পণ্য কিনতে আসা দুজন নিহত হয়েছেন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়