সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সোনারগাঁয়ে  নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় নিহত-১ আহত-৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন মালবাহী ট্রাকের ধাক্কায় রাস্তায় চলাচলরত মাহে আলম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে।

এসময় নিয়ন্ত্রণহীন ট্রাকটি সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশার চালক ও যাত্রীসহ আরো ৪ জন গুরুতর আহত হয়।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সোনাখালী এলাকায় এদূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বারাকা নামে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাহে আলম উপজেলার বাবরকপুর এলাকার ভাড়াটিয়া। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা। আহত চারজন হলেন- শহিদ হোসেন উপজেলার বাবরকপুর এলাকার নুরুল ইসলামের ছেলে, আলিনুর মিয়া সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে, সুরুজ মিয়া সোনাখালী এলাকার মুনসুর আলীর ছেলে ও টিক্কা খান সোনাগাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী লেনে চালক একটি মালবাহী ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে রিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। রিকশার চালক ও যাত্রীসহ আরো ৪ জন গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় পথচারী মাহে আলম নামে এক ব্যক্তি। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চারজনকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বারাকা নামে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। মহাসড়কে দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দূর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়