চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সাড়ে চার কোটির বাঁধে ধস; স্থায়ী সমাধান চেয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাঁচকোল সড়কটারী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নদীভাঙন ও স্থায়ী সমাধানের আকুতি মানববন্ধনে বক্তারা জানান, বছরের পর বছর ধরে নদীভাঙনের কারণে বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। বহু পরিবার ইতোমধ্যে ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তারা অস্থায়ী মেরামতের বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানান।
যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনের ঝুঁকি সমাবেশে ময়নার খামার যুব সংঘের নেতৃবৃন্দ ও স্থানীয় মাদ্রাসার সুপার বক্তব্য রাখেন। তারা উল্লেখ করেন, কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত সড়কটি এলাকার শিক্ষা, যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। কর্মসূচি শেষে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অনিয়মের অভিযোগ ও কার্যকর পদক্ষেপের দাবি সম্প্রতি ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে ডান তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস দেখা দিয়েছে। গত এক মাসে চার দফায় প্রায় ১৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় ২৪ হাজার জিওব্যাগ ফেলা হলেও তাতে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সঠিকভাবে জিওব্যাগ না ফেলায় ভাঙন ঝুঁকি রয়েই গেছে, তাই দ্রুত স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণই একমাত্র সমাধান।
পিডিএস/এমএইউ









































