সিরাজগঞ্জ প্রতিনিধি
তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পলাতক স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
নিহত তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী মো. শাহ পরান নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তানিয়া ও শাহ পরানের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহ পরান বিষমডাঙ্গা গ্রামেই ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার (২৭ জুলাই) রাতেও স্বামী-স্ত্রী নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। তবে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে স্থানীয় লোকজন ওই ঘরে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, স্বামী শাহ পরান তানিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠানো হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশি তদন্ত চলছে।
পিডিএস/এমএইউ









































