মাভাবিপ্রবি প্রতিনিধি
মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। আগামী চার বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তানুযায়ী, যোগদানের তারিখ থেকে তাঁর এই নিয়োগের মেয়াদ চার বছর হবে অথবা তাঁর অবসর গ্রহণের বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, যেটি আগে প্রযোজ্য হয়। তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত কাজ সম্পাদন ছাড়াও ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি। তবে প্রয়োজনবোধে চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মাভাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর পদটি ফাঁকা ছিল। প্রায় দুই বছর পর এই গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ সম্পন্ন হলো।
পিডিএস/এমএইউ









































