সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে খুন, আসামির আমৃত্যু কারাদণ্ড

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যার দায়ে পলাশ চন্দ্র সূত্রধরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন সোমবার (২৭ জুলাই) বিকেলে এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত পলাশ চন্দ্র সূত্রধর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারোটিয়া নতুনপাড়া গ্রামের বাঞ্চ সূত্রধরের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারোটিয়া গ্রামের ইবনে বতুতা মুনমুন আসামি পলাশ চন্দ্র সূত্রধরের কাছে দুই লাখ টাকা পেতো। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ২০১৭ সালের ২৩ জুলাই ইবনে বতুতা মুনমুন পাওনা টাকা আদায়ের জন্য আসামি পলাশ চন্দ্র সূত্রধরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২৫ জুলাই ইবনে বতুতা মুনমুনের স্বজনরা আসামি পলাশ চন্দ্রের বাড়িতে যায়। তারা বাড়ির বিভিন্ন ঘরে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে আসামির ঘরের মধ্যে মাটি খোঁড়া দেখতে পায় স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘরের মধ্যে মাটি খুঁড়ে ইবনে বতুতা মুনমুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ইবনে কাশিম বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক আসামি পলাশ চন্দ্র সূত্রধরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়