তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে বিনামূল্যে গাছের চারা পেলেন ৫০০ কৃষক

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ইনতেফা কোম্পানির উদ্যোগে শতাধিক কৃষক ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় পার্থ এন্টারপ্রাইজের কার্যালয়ে ইনতেফা কোম্পানির পরিবেশক রজত ঘোষের সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ হযরত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোপাল চন্দ্র সেন এবং এরিয়া ইনচার্জ মোঃ আজিজুল হক। এছাড়াও মার্কেটিং অফিসার মোঃ জাকির হোসেন ও সিনিয়র টেরিটোরি অফিসার (ফিশারিজ) মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ এন্টারপ্রাইজের ম্যানেজার শোভন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে হযরত আলী কৃষকদের মাঝে গাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন। তিনি ফলজ ও বনজ গাছ রোপণে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে এরিয়া ইনচার্জ মোঃ আজিজুল হক উপস্থিত সবাইকে সঠিকভাবে চারা রোপণের পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করেন এবং চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
পিডিএস/এমএইউ









































