মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
হাত-মুখ বেঁধে শিশু ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সমির মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রবিবার (২৬ জুলাই) রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত মামলা করেন।
অভিযুক্ত সমির মিয়া মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের রোশন মিয়ার ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়া শেষে ওই শিশু তার পাঁচ বছর বয়সী ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সমির মিয়া শিশুটিকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে হাত ও মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় তার ছোট ভাই বাধা দিলে তাকে মারধর করে ভয় দেখানো হয়। পরে শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত সমির পালিয়ে যান এবং স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরদিন রবিবার (২৬ জুলাই) তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে শিশুটির মা থানায় হাজির হয়ে মামলা নথিভুক্ত করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সমির মিয়া পলাতক রয়েছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পাওয়ার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পিডিএস/এমএইউ









































