reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ও লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হুতিদের হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ৫২ মিনিটে (জিএমটি) আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম একলাফে ৬.৬৪ ডলার বা ৭ শতাংশেরও বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ দশমিক ১৮ ডলার বা ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে।

মূলত, ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় টানা এক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে বাড়ছিল জ্বালানি তেলের দাম। এরমধ্যেই বুধবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার—‘এনসেলিয়া’ ও ‘লায়লা’র ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে একটি ট্যাংকারে আগুন ধরে যায়।

হুতিদের এই হামলার ফলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল রফতানি বন্ধ হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাত ও উত্তেজনা তেলের বাজারকে আরও অস্থির করে তুলেছে।

এই গুরুত্বপূর্ণ সরবরাহ পথগুলো হুমকির মুখে পড়ায় বিশ্বজুড়ে নতুন করে বড় ধরনের মূল্যস্ফীতির শঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স বলেছে, সরবরাহ স্বাভাবিক না হলে বছরের শেষ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত উঠে যেতে পারে এবং আগামী বছর এর গড় দাম ১০০ ডলার হতে পারে। এ ছাড়া, বাব এল-মানদেব প্রণালি এবং সুয়েজ খালেও যদি ক্রমাগত বিঘ্ন ঘটে, তবে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়