reporterঅনলাইন ডেস্ক
  ৫৪ মিনিট আগে

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বহাল

বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অভিযোগ তুলে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের ওপর শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। একটি অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে নতুন করে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর আওতায় দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই পদক্ষেপের ফলে দেশটির মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যই সরাসরি প্রভাবিত হবে।

কার ওপর কত শুল্ক

১০ শতাংশ শুল্ক বহাল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, মেক্সিকো, কম্বোডিয়া ও গুয়াতেমালাসহ যেসব দেশ বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে আইন বা অঙ্গীকার বাস্তবায়ন করেছে, তাদের পণ্যে আগের ১০ শতাংশ শুল্কই বহাল রাখা হয়েছে।

সাড়ে ১২ শতাংশ শুল্ক: অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩৮টি দেশের ওপর শুল্ক বাড়িয়ে সাড়ে ১২ শতাংশ করা হয়েছে।

তবে ২৮ জুলাই পর্যন্ত ট্রানজিটে থাকা পণ্যগুলো এই শুল্কের আওতামুক্ত থাকবে। এছাড়া তেল-গ্যাস, সার, নির্দিষ্ট খাদ্যদ্রব্য ও ইউএসএমসিএ (USMCA) চুক্তির শর্তপূরণকারী পণ্যগুলো আগের মতোই শুল্কমুক্ত সুবিধা পাবে।

কেন এই নতুন পদক্ষেপ : গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্প প্রশাসনের ‘জরুরি জাতীয় আইন’-এর অধীনে বসানো শুল্ক বাতিল করে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারায় সাময়িকভাবে ১৫০ দিনের জন্য ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছিল। শুক্রবার সেই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হচ্ছে। মূলত আদালতে আইনি সুরক্ষা নিশ্চিত করতে এবার একই আইনের ৩০১ ধারায় শুল্ক বহাল রাখার এই কৌশল নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রির এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী ধরে বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন রয়েছে এবং তা কঠোরভাবে প্রয়োগ করা হয়। আমাদের বাণিজ্য অংশীদারদেরও একই পথ অনুসরণ করার সময় পার হয়ে গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়