ইরানে নতুন দফায় মার্কিন হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক স্থাপনাগুলোতে নতুন দফায় হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে ‘শক্তিশালী ও দ্রুত’।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে নতুন করে হামলা শুরু হয়েছে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দক্ষিণ উপকূলীয় শহর বুশেহরে মার্কিন হামলার পর ঘটেছে বিস্ফোরণ। বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি জানান, ঘটনার বিস্তারিত করা হচ্ছে তদন্ত। সেখানে কাজ করছেন জরুরি সেবাকর্মীরা।
এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে সেন্টকম। তাদের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে ইরান, এমন বক্তব্য সঠিক নয়। আন্তর্জাতিক এই নৌপথ উন্মুক্ত রয়েছে স্বাভাবিকভাবে এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হুমকি বা হামলার পরও অব্যাহত আছে জাহাজ চলাচল। সংস্থাটি আরও জানায়, গত মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৯০০টির বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমে সাহায্য করেছে তারা।
এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরান থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা হবে দূর থেকে। এর আগেও ট্রাম্প প্রশাসন ইরানে হামলার সম্ভাবনা বিবেচনা করার সময় একই ধরনের পদক্ষেপ নিয়েছিল দেশটি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন, আমাদের অবকাঠামোর ওপর হামলা, আমাদের বাধ্য করবে শক্তিশালী ও দ্রুত জবাব দিতে।’ তিনি আরও মন্তব্য করেন, ‘যারা এ ধরনের আগ্রাসনে যেকোনো ধরনের সহায়তা করবে, তাদেরও বিবেচনা করা হবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে।’









































