reporterঅনলাইন ডেস্ক
  ৫৯ মিনিট আগে

আনসারের অভিযানে বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক 

ছবি : প্রতিদিনের সংবাদ

রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপদ, স্বচ্ছ ও দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেছেন।

বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে টহল ডিউটিরত প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান লক্ষ্য করেন, এক ব্যক্তি হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আমিনুল ইসলাম-কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন এবং দালাল চক্রের ওই সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৩৯)।

পরবর্তীতে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে আর কখনো হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

হাসপাতালে আগত রোগী ও স্বজনদের দালাল চক্রের প্রতারণা, আর্থিক শোষণ ও হয়রানি থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল, নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের নিরলস দায়িত্বশীলতা হাসপাতালের সেবার পরিবেশকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়