গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গোবিন্দগঞ্জে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীব্র ভাঙনের কবল থেকে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাটে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তীব্র ভাঙনে ক্ষতি ও হুমকি: চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাট সংলগ্ন করতোয়া নদীর ভয়াবহ ভাঙন দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে একটি মাদ্রাসাসহ শতাধিক বিঘা ফসলি জমি। এতে হুমকির মুখে পড়েছে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন, ঈদগাহ মাঠ, শ্মশান ঘাট, প্রাথমিক বিদ্যালয়, দুটি হিন্দুপাড়াসহ হাজার হাজার বিঘা ফসলি জমি।

স্থানীয়দের আকুতি ও দাবি: মানববন্ধনে স্থানীয়রা বলেন, ভাঙন ঠেকাতে সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। নিজেদের শেষ সম্বল ভিটা-মাটি বাঁচাতে নিজেরাই গাছের ডালপালা ও বাঁশ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। কিন্তু তাতে ভাঙন ঠেকানো যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যাবে নদী পাড়ের এই গ্রামটি। ফসলি জমি ও গ্রাম রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য: মানববন্ধনে বক্তব্য রাখেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়োয়ার মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরদার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক সজল দেবনাথ, সহকারী শিক্ষক নিকুঞ্জ দেবনাথ প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়