গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’, ‘জীবনকে ভালোবাসি, মাদক থেকে দূরে থাকি’ ইত্যাদি স্লোগানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল ও কলেজের হলরুমে বুধবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় আয়োজিত এই সচেতনতামূলক সভায় কলেজ ও স্কুল শাখার শিক্ষার্থীরা অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মারজান সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ভবিষ্যতে সুস্থ সমাজ চাইলে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন হতে হবে। লেখাপড়ার পাশাপাশি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে তাদেরকে মাদক, ঈভটিজিং ও বাল্যবিবাহমুক্ত থাকতে হবে। তিনি লক্ষ্মীপুর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এসব সামাজিক অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান।
শেষে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।









































