রংপুর ব্যুরো
নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: সঞ্জয় কুমার সরকার

রংপুরের পীরগাছা উপজেলা সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী ‘আলী বাবা থিম পার্ক’-এর হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্য: প্রধান অতিথির বক্তব্যে পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, “অনুমোদন ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করার সুযোগ নেই। অনুমোদিত লাইসেন্সের আওতায় সরকারি নিয়ম-কানুন মেনে যেসব পণ্যের অনুমতি রয়েছে, কেবল সেগুলোই বিক্রি করতে হবে।” তিনি আরও বলেন, “দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের লক্ষ্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা, আর এই নিরাপদ খাদ্যের জন্য আপনাদের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ: পীরগাছা উপজেলা সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমুল হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ এবং তাম্বলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল।
ব্যবসায়ীদের আলোচনা ও সৌহার্দ্য প্রকাশ: অনুষ্ঠানে ব্যবসায়ীরা সার, বীজ ও বালাইনাশক ব্যবসার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসার উন্নয়নে করণীয় বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্মাননা স্মারক প্রদান ও সমাপ্তি: দিনব্যাপী এ মিলনমেলা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় পীরগাছা উপজেলা সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির সকল সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ীরা।
পিডিএস/এমএইউ









































