কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন মৌসুমের বিভিন্ন জাতের ফসলের বীজ ও চারা বিতরণ এবং 'কৃষক কার্ড' বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফসলের চারাসহ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকরাই দেশের প্রাণ। কৃষকদের প্রণোদনা দিয়ে উৎসাহিত করার মূল উদ্দেশ্য হলো দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। সরকারের পক্ষ থেকে দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় ইতোমধ্যে ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কৃষি কমিটির সংসদ সদস্য মনোনীত সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া ও মো. সালামত খান, উপজেলা কৃষক দলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী এবং সাংবাদিক ময়নুল হক পবন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়