reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র-যুব আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তাজনিত কারণে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বন্ধ থাকা মেট্রো স্টেশনগুলোর মধ্যে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও রয়েছে। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আজ সকালে যন্তর মন্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতি অনশন প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

অভিজিৎ বলেন, আন্দোলনের ৩৪তম দিন চলছে এবং সোনম ওয়াংচুকের অনশনের ২৬তম দিন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। তবে তিনি বলেন, ওয়াংচুকের জীবন ঝুঁকির মধ্যে পড়ুক, তা তারা চান না।

সিজেপি প্রধান অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোক এনে তাদের আন্দোলন ভণ্ডুল করার চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনকারীদের বদনাম করতে বহিরাগতদের দিয়ে পাথর নিক্ষেপ করানো হচ্ছে এবং পরে সেই দায় সিজেপির ওপর চাপানো হচ্ছে। এমনকি পুলিশও এ কাজে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে বিজেপি বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়