বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
বেড়ায় ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ

পাবনার বেড়া পৌর এলাকার নাজিম বাজারের মোল্লা সুপার মার্কেটে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করেছে বেড়া উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ মৎস্য আহরণ সামগ্রী উদ্ধার করা হয়। বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
অভিযান ও উদ্ধারকৃত মালামাল: অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন এবং বেড়া মডেল থানার একটি দল উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে মার্কেটের একটি গোডাউন থেকে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০০টি চায়না দুয়ারী জব্দ করা হয়।
মালিকপক্ষের অসহযোগিতা ও আইনি ব্যবস্থা: ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোডাউনের মালিকপক্ষের অসহযোগিতার কারণে অভিযান পরিচালনা করতে দীর্ঘ পাঁচ ঘণ্টা সময় লাগে। উদ্ধারকৃত অবৈধ জাল ও চায়না দুয়ারী থানায় হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বক্তব্য: মার্কেটের ম্যানেজার মকরম জানান, যেসব ব্যবসায়ী ওই মার্কেটের কক্ষ ভাড়া নিয়েছেন, তাদের অধিকাংশেরই বেড়া বাজারে মনোহারী, ফিল্টার নেট, সুতা কিংবা মুদি ব্যবসা রয়েছে। তারা ভাড়া নেওয়া কক্ষগুলো গোডাউন হিসেবে ব্যবহার করতেন। সেখানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী মজুদ রাখা হয়েছিল—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। লিখিত চুক্তিপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটি মার্কেটের মালিক ভালো বলতে পারবেন।
মার্কেটের মালিকের ছেলে লিটন জানান, ভাড়াটিয়াদের সঙ্গে বার্ষিক ভিত্তিতে ভাড়ার চুক্তি হয়। তারা যে সুতা ব্যবসার আড়ালে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারীর ব্যবসা পরিচালনা করছিলেন, তা তাদের জানা ছিল না।
প্রশাসনের সতর্কবার্তা: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান জানান, “নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
পিডিএস/এমএইউ









































