ফেনী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ফেনীতে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূ ও যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী ও পরশুরাম উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূ ও এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ও সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত গৃহবধূ রুমা আক্তার (৩৫) সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী এবং নিহত যুবক সাইমন মজুমদার (২০) পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে।

সোনাগাজীতে গৃহবধূর মৃত্যু: স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন রুমা আক্তার। গুরুতর আহত অবস্থায় তিনি ঘরের মেঝেতে লুটিয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোমিনুল হক জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রুমা আক্তারকে মৃত ঘোষণা করা হয়। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরশুরামে বিয়ের আসরে যুবকের মৃত্যু: অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন সাইমন মজুমদার। স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হলে স্বজন ও স্থানীয়রা আপত্তি জানান। পরে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়