সিরাজগঞ্জ প্রতিনিধি
পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে ট্রাকচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাকচাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। পথিমধ্যে তার বহন করা একটি পাঙাশ মাছ অসাবধানতাবশত সড়কে পড়ে যায়। পরে সেই পড়ে যাওয়া মাছটি তুলতে সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাঈদ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, বিআরটিএ-এর অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিডিএস/এমএইউ









































