চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চৌহালীতে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষকের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের খাষকাউলিয়া মিয়া পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কৃষক সোলেমান মিয়ার ১টি গরু ও বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কৃষকের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সোলেমান মিয়া জানান, রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি বসতঘরে আগুন জ্বলতে দেখেন। পরে তার ডাকচিক্কারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গবাদিপশু ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, সন্ধ্যার দিকে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হয়েছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে কৃষকের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন জানান, গোয়ালঘরের কয়েল অথবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
পিডিএস/এমএইউ









































