দল থেকে বহিষ্কার করলেও পদ হারাবেন না এমপি: ইসি মাছউদ

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার জেরে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ থাকবে কি না—তা নিয়ে বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানিয়েছেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে এমপি পদ শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে দল কাউকে বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী তার এমপি পদ যাওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শুধু রাজনৈতিক দল বহিষ্কার করলেই সিদ্ধান্ত হয়ে যায় না। সংসদ থেকে স্পিকারের মাধ্যমে আনুষঙ্গিক চিঠি ও রেফারেন্স নির্বাচন কমিশনে পাঠানো হলে কমিশন তা বিচার-বিশ্লেষণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে।
একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব নেই। কমিশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে এবং আগামী অক্টোবরকে লক্ষ্য রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পিডিএস/এমএইউ









































