লামা (বান্দরবান) প্রতিনিধি
সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলমুক্তের দাবিতে মানববন্ধন, আলটিমেটাম

সরকারি মাতামুহুরী কলেজের প্রায় দুই একর সরকারি জমি দখলমুক্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কলেজের সম্পত্তি সুরক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।
বৃহস্পতিবার সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচিতে শিক্ষকরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মার্চ থেকে জুলাই পর্যন্ত কলেজের দখল হওয়া জমি উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
তারা বলেন, জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাতামুহুরী কলেজের সরকারি জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেজের সম্পত্তি রক্ষায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান তারা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—দখলকৃত প্রায় দুই একর জমি উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া, অভিযুক্ত মো. সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা ও গ্রেপ্তার, উদ্ধার হওয়া জমিতে সীমানা প্রাচীর নির্মাণ ও কলেজের সাইনবোর্ড পুনঃস্থাপন, আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের আইনের আওতায় আনা, কলেজের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া এবং দখল প্রতিরোধে ব্যর্থতার বিষয়ে লামা থানার ওসির জবাবদিহি নিশ্চিত করা।
শিক্ষার্থীরা ঘোষণা দেন, ২৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ, লামা-চকরিয়া সড়ক অবরোধ, প্রশাসনিক কার্যালয় ঘেরাও, অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।









































