reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে ত্রুটি

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট, বিপাকে সাধারণ মানুষ

ছবি : সংগৃহীত

জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ সারা দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গৃহস্থালির রান্না ও যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন: বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে, আবার অনেক পাম্পে ঝুলতে দেখা গেছে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড। দু-একটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ থাকলেও চাপ অত্যন্ত কম থাকায় চাহিদামতো জ্বালানি পাচ্ছেন না চালকেরা। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পেয়ে চরম অনিশ্চয়তা ও লোকসানের মুখে পড়েছেন সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার চালকেরা।

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি: এর আগে বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে।

বাসাবাড়ি ও শিল্পকারখানায় বিরূপ প্রভাব: এ ঘাটতির প্রভাবেই দেশের বিভিন্ন এলাকার বাসাবাড়ি, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ অস্বাভাবিক হারে কমে গেছে। ঢাকাসহ বিভিন্ন শহরের আবাসিক এলাকায় দিনের সিংহভাগ সময় চুলাই জ্বলছে না, অন্যদিকে প্রয়োজনীয় চাপ না থাকায় অনেক কারখানা উৎপাদন কমানো বা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

ঘাটতি ও সংকটের চিত্র: জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুটের বেশি গ্যাসের চাহিদা রয়েছে, যার বিপরীতে স্বাভাবিক সময়ে সরবরাহ করা সম্ভব হয় প্রায় ২৭০ কোটি ঘনফুট। অর্থাৎ এমনিতেই প্রতিদিন অন্তত ১১০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকে। মোট সরবরাহের মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসে ১৭৫ কোটি ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে আসে ৯৫ কোটি ঘনফুট। তবে কারিগরি ত্রুটির কারণে আমদানিকৃত এলএনজি সরবরাহ একধাক্কায় ৪৫ কোটি ঘনফুট কমে যাওয়ায় বিদ্যমান সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে উঠতে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়