ভোলা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ভোলার মনপুরায় অস্ত্রসহ ডাকাত সর্দার স্বপন আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

ভোলার মনপুরায় বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) আটক হয়েছেন। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানের বিবরণ ও অস্ত্র উদ্ধার: সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার যৌথ দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়। পরে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৮টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আসামির অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড: কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক স্বপন ভোলার মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’ গঠন করে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের বক্তব্য: কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়