বাবুল আহমেদ, মানিকগঞ্জ
বরাদ্দের অভাব
শামবারাদিয়া সড়কে খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ও খলসি ইউনিয়নের মাঝামাঝি অবস্থিত শামবারাদিয়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও পথচারীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এখন চলাচলের অনুপযোগী: স্থানীয়দের অভিযোগ, জিয়নপুর থেকে ঘিওর, বরংগাইল, আরিচা ও উথুলীসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের অন্যতম প্রধান সংযোগ পথ এটি। এছাড়া জাকের বাড়ি মোড় থেকে শামবারাদিয়া পর্যন্ত সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক। প্রতিদিন শত শত মানুষ, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান ও পণ্যবাহী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। জিয়নপুর, খলসি ও বাঘুটিয়া ইউনিয়ন ছাড়াও ঘিওর ও শিবালয় উপজেলার হাজারো মানুষের নিত্যদিনের পথ এটি। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন প্রায় চলাচলের অনুপযোগী।
ঝুঁকিপূর্ণ যাতায়াত ও দুর্ঘটনার আশঙ্কা: সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে আছে। কোথাও কাদার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব। অটোরিকশা ও ভ্যান মাঝপথে আটকে গেলে যাত্রীদের নেমে ঠেলে পার হতে হচ্ছে। চালকরা জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা শুভ আহম্মেদ বলেন, “বর্ষায় এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”
চেয়ারম্যানের বক্তব্য ও ইউপি প্রশাসন: জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনদুর্ভোগের কথা স্বীকার করে জানান, “গত অর্থবছরে এই সড়কের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে দ্রুত বরাদ্দ এনে সড়কটির উন্নয়নের জন্য চেষ্টা চালানো হচ্ছে।”
দ্রুত সংস্কারের দাবি: যোগাযোগ ব্যবস্থা যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সে জন্য দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে হাজারো মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটাবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
পিডিএস/এমএইউ









































