সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা, অন্যান্য সবজির দামও চড়া

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে বিভিন্ন ধরনের সবজির দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা। শহরের বাজারগুলোতে চাহিদা অনুযায়ী কেনাকাটা করতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সবজিসহ চালের দামও বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সবজিসহ কাঁচামালের বাজার এখন উত্তপ্ত।

নিত্যপণ্যের বর্তমান বাজারদর: বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন ৮০–১২০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, পটল ৬০ টাকা, লাউ ৫০–৬০ টাকা (আকারভেদে প্রতি পিস), মিষ্টি কুমড়া ৫০–৬০ টাকা কেজি, আদা ১৮০–২০০ টাকা এবং করলা ৮০–১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া ডিম প্রতি হালি ৪৪ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা কেজি, খাসির মাংস ১১০০–১২০০ টাকা কেজি, সোনালী মুরগি ৩০০ টাকা ও ব্রয়লার মুরগি ২৫০–২৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। পাশাপাশি সব ধরনের মাছের দাম কেজিতে ৭০–১০০ টাকা পর্যন্ত বেড়েছে এবং পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ১৮০–১৯০ টাকা কেজি দরে।

ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য: বাজার করতে আসা ক্রেতা রাব্বি শেখ বলেন, “গত কয়েক দিন ধরেই সবজি, মাছ, মাংস ও চালের দাম টানা বাড়তে থাকায় আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষ গভীর সংকটে পড়েছে।”

অন্যদিকে শহরের বড় বাজারের বিক্রেতা হাফিজ উদ্দিন জানান, “আমরা বিভিন্ন হাট ও আড়ত থেকে সবজি কিনে এনে খুচরা বিক্রি করি। সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, তাই পাইকারি দাম বেশি। ফলে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়