নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ক্যান্সার আক্রান্ত সাবেক প্রবাসীর পাশে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে সাবেক সৌদি প্রবাসী শাহাবুদ্দিন আহমেদ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘ এক বছর ধরে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এখন জীবনের চূড়ান্ত সংকটে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর সৌদি আরবে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দিয়ে পরিবার পরিচালনা করে আসছিলেন শাহাবুদ্দিন। কিন্তু এক বছর আগে তার শারীরিক সমস্যা দেখা দেয় এবং চিকিৎসকের শরণাপন্ন হলে শরীরে ক্যান্সার শনাক্ত হয়। রোগ ধরা পড়ার পর থেকে চিকিৎসা করাতে গিয়ে তার সমস্ত সহায়-সম্বল শেষ হয়ে যায়। বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল এই মারাত্মক ব্যাধির চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো কোনো আর্থিক সক্ষমতা তার বা তার পরিবারের নেই।
এমন চরম অসহায় মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত শাহাবুদ্দিনের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সৌদি আরব প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। সেমন্তঘর প্রবাসী সংগঠনের সভাপতি ও সেমন্তঘর মানব-কল্যাণ যুব সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ব্যক্তিগত তহবিল থেকে শাহাবুদ্দিনের চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
উপজেলার ‘সেমন্তঘর মানব-কল্যাণ যুব সংগঠন’-এর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করা হয়। সংগঠনের সভাপতি মো. রবিউল আলম রুবেলের সভাপতিত্বে ও মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূর নগর প্রেস ক্লাবের সভাপতি মো. হেদায়ত উল্লাহ, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা জাহের মিয়া, সাবেক ইউপি সদস্য শাহীন আলম, কবি হোসাইন, মো. রবিউল ইসলাম রুমী, মো. মাহফুজ, সুজন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং শাহাবুদ্দিনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
পিডিএস/এমএইউ









































