reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সৌদিতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর 

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)-এর একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আশরাফুল হক চৌধুরী।

বৈঠকে প্রতিনিধিদল এসএবিসিসিআইয়ের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে বিভিন্ন বাণিজ্য প্রচারণা, আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন এবং সৌদি আরবে ‘বাংলাদেশ-সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করে সংগঠনটি। প্রতিমন্ত্রী এসএবিসিসিআইয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। এ লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সৌদি বাজারে বাংলাদেশের সৃজনশীল পণ্য, হস্তশিল্প ও বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন।

বৈঠক শেষে এসএবিসিসিআই প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়