চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ বাপ্পী লাল (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সদর মডেল থানাধীন আতাহার গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। আটক বাপ্পী লাল ওই এলাকার মৃত শালিক লালের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আতাহার এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পরে বাপ্পী লালের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।









































