মানিকগঞ্জ প্রতিনিধি
দৌলতপুরে অভিযানে ইয়াবা ও মদসহ রাসেল গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল মদসহ মোঃ রাসেল খান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ (২৫) নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে দৌলতপুর থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার এসআই (নিঃ) সৈয়দ হাবিবুল্লা আলীর নেতৃত্বে একটি টিম এলাকাটিতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নয়াপাড়া এলাকার আব্দুল্লাহর বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ও মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবরটি জানার পর অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাসেল খানকে গ্রেপ্তার করা সম্ভব হলেও আব্দুল্লাহ নামে অন্যজন পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘরের তোষকের নিচ থেকে ১২.৪ গ্রাম ওজনের ১২৪ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ৩৭,২০০ টাকা) এবং ১ লিটার দেশীয় মদ (যার আনুমানিক মূল্য ৫,০০০ টাকা) উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি: মোঃ রাসেল খান (২৬), পিতা- মোঃ সোবাহান আলী খান, সাং- বাদে বেহালী, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল।
পলাতক আসামি: আব্দুল্লাহ (২৫), পিতা- মৃত আঃ জব্বার, সাং- নয়াপাড়া, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৫, জিআর নং-১০৫) রুজু করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শফিকুল আজম (লিটন) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।









































