ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জনিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পরস্পরকে শুভেচ্ছা জানান।
ফিলিপাইনের রাজধানীতে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সমবেত হলে এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় হয়।
এদিকে বুধবার এই ফোরামের ফাঁকে খলিলুর যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন।
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং বৈশ্বিক পরিসরে অভিন্ন উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
খলিলুর ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।









































