রংপুর ব্যুরো

  ১ ঘণ্টা আগে

শুমারির তথ্য নৌপথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে: বিভাগীয় কমিশনার  

রংপুরে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর যৌথ উদ্যোগে দেশব্যাপী ‘নৌযান শুমারি, ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব সরকার।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন,দেশের সমুদ্রগামী,উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি সমন্বিত ও হালনাগাদ ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যেই ‘নৌযান শুমারি, ২০২৬’ পরিচালিত হতে যাচ্ছে। এই শুমারির মাধ্যমে নৌযানের প্রকৃত সংখ্যা, ধরণ, মালিকানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে, যা ভবিষ্যতে নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করা, কার্যকর পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং নৌখাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন,শুমারির তথ্য নৌপথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌযান নিবন্ধন ব্যবস্থার উন্নয়ন এবং নৌচলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জেলা প্রশাসকদের সার্বিক সমন্বয়ের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও শুমারির উদ্দেশ্য,কর্মপদ্ধতি এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ শফিকুল ইসলাম।

সভায় রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা পর্যায়ের পরিসংখ্যান কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ‘নৌযান শুমারি, ২০২৬’-এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২০ থেকে ২৯শে আগস্ট, ২০২৬ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে। এরপূর্বে ৩ থেকে ৪ই আগস্ট দুইটি জেলায় পাইলট শুমারি কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়