রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগরে নিম্নমানের চারা বিতরণের অভিযোগে কৃষকদের ক্ষোভ

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারের অগ্রাধিকারভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচিতে নিম্নমানের ও আকারে ছোট চারা বিতরণের অভিযোগ উঠেছে। এতে কৃষকদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মানসম্মত চারা না দেওয়ায় কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুনের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে নির্ধারিত মানের পরিবর্তে দুর্বল চারা বিতরণ করা হচ্ছে, যা নিয়ে কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের ৪১০ জন কৃষকের মাঝে মোট ২ হাজার ৫০টি চারা বিতরণের কথা রয়েছে, যেখানে প্রতি কৃষক পাঁচটি করে চারা পাবেন।
নিয়মানুযায়ী চারাগুলো সতেজ ও নির্ধারিত উচ্চতার হওয়ার কথা থাকলেও কৃষকদের অভিযোগ, বিতরণ করা অধিকাংশ চারার উচ্চতা মাত্র এক থেকে দেড় ফুট। অনেক চারা এতটাই দুর্বল যে সেগুলোর বেঁচে থাকা নিয়ে তারা শঙ্কিত। ক্ষুব্ধ কৃষকরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া মানসম্মত চারা না দেওয়ায় কর্মসূচিটি তার লক্ষ্য হারাচ্ছে বলে মনে করছেন স্থানীয় অনেকে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন ফোন রিসিভ করেননি।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান জানান, কোনো কৃষক বা সংশ্লিষ্ট ব্যক্তি সুনির্দিষ্ট ও লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিডিএস/এমএইউ









































