নিজস্ব প্রতিবেদক

  ১ ঘণ্টা আগে

চিকিৎসাসেবায় আধুনিকায়ন

উন্নত স্বাস্থ্যসেবার সুফল পাচ্ছে আনসার ও ভিডিপি সদস্যরা

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তর এবং আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার চিকিৎসক নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবায় এক অভূতপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে বাহিনীর সকল পর্যায়ের সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা এখন অত্যন্ত সুশৃঙ্খল, আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা পাচ্ছেন।

সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের দক্ষ ব্যবস্থাপনায় সদর দপ্তরের মেডিকেল শাখা ও একাডেমি হাসপাতালের সামগ্রিক পরিবেশ এখন অনেক বেশি সুশৃঙ্খল হয়ে উঠেছে। রোগীদের দ্রুত সেবা নিশ্চিতকরণ, উন্নতমানের ওষুধ সরবরাহ, জরুরি বিভাগের আধুনিকায়ন এবং হাসপাতালের বিদ্যমান চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাতে নেভাল একাডেমির সামনে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন অঙ্গীভূত আনসার সদস্য সাব্বির হোসেন (৩০)। দুর্ঘটনায় তাঁর ডান হাতে গুরুতর জখম হলে তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে (NITOR) প্রেরণ করা হয়। উক্ত আনসার সদস্যের সুস্থতা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি বজায় রেখেছে বাহিনীর সদর দপ্তরের মেডিকেল শাখা। বিশেষ করে, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক মেজর ডা. সাইদুজ্জামান অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়মিত তাঁর চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসা প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই নিরবচ্ছিন্ন সেবা ও যথাযথ চিকিৎসার কল্যাণে সাব্বির হোসেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে এবং তিনি ক্রমান্বয়ে তাঁর শারীরিক সামর্থ্য ফিরে পাচ্ছেন।

উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সেনা চিকিৎসকদের সুচিকিৎসা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের মাঝে উদ্দীপনা ও গভীর আস্থার সৃষ্টি করেছে, যা সদস্যদের মনোবল ও কাজের প্রতি একাগ্রতা বহুগুণ বৃদ্ধি করে বাহিনীর সামগ্রিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এছাড়াও বাহিনীর সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বর্তমানে গুণগত মানসম্পন্ন ঔষধ সরবরাহের পাশাপাশি আনসার ও ভিডিপি একাডেমিতে অবস্থিত বাহিনীর নিজস্ব চিকিৎসা প্রতিষ্ঠান আনসার ও ভিডিপি হাসপাতালের চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। ইতোমধ্যে উক্ত হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণে ডিপিপি কার্যক্রম চলমান রয়েছে। বাহিনীর সদর দপ্তর ও একাডেমি এলাকায় স্বাস্থ্যসেবার এই অনন্য আধুনিকায়ন মূলত একটি সমন্বিত ও টেকসই স্বাস্থ্য সুরক্ষাবলয় তৈরি করেছে। সদস্য কল্যাণে ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং মানসম্মত ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়