রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে কলেজ শিক্ষার্থী আহত

রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
করিমের বাবা রফিকুল ইসলাম জানান, তারা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলের। এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকারে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পা গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে তার পরিবার সেখান থেকে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে।
রফিকুল ইসলাম আরো জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এ ঘটনা কারা ঘটিয়েছে, সেটি তাদের কারোরই জানা নেই। করিমের সাথে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।









































