reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রপ্তানি বাড়াতে ট্রেড লাইসেন্সের মেয়াদ হবে পাঁচ বছর

—বাণিজ্যমন্ত্রী

প্রতীকী ছবি

দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ সহজ করতে বুথ ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে এবং ঘরে বসেই অনলাইনে লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ এবং ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি মেলা ২০২৬’-এর ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে এবং রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের বিকল্প নেই। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে রপ্তানি বৃদ্ধির স্বার্থে আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে এবং অনলাইনের মাধ্যমে সহজে লাইসেন্স গ্রহণের সুযোগ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাবনা এবং চীনের কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন এবং তাদের বিভিন্ন বিষয়ে মতামত দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়