ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ ও আহত ৪০

ছবি : প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে মাসুদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আটজনকে ঢাকা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যাদের মধ্যে হিরণ মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশের সীমানায় অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে বিগত প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। এই পুরোনো বিরোধ নিয়ে গত কয়েকদিন ধরে পুনরায় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়, যা আজ সকালে সরাসরি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ব্যাপক ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং খড়ের গাদায় আগুন দেওয়া হয়।

একপর্যায়ে সংঘর্ষকারীরা রেললাইনে টিনের বেড়া দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ফলে ভৈরব-ময়মনসিংহ রেলপথের দুটি ট্রেন ভৈরব ও কুলিয়ারচর স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ভৈরব স্টেশন মাস্টার আবু ইউছুফ জানান, রেললাইন অবরুদ্ধ থাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচরে এবং এগারসিন্দুর ট্রেনটি ভৈরবে আটকে থাকলেও পরবর্তীতে এগারসিন্দুর ট্রেনটিকে ঢাকার উদ্দেশ্যে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য তথা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম আকবরনগর ও মীরারচর গ্রামের সর্বসাধারণকে নিয়ে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে সেই আশ্বাসের ২৪ ঘণ্টা পার না হতেই আজ সকালে পুনরায় উভয় পক্ষ সহিংসতায় জড়িয়ে পড়ে। আকবরনগর গ্রামবাসীর দাবি, বাজারের তিন দিকেই তাঁদের জায়গা ও জমি রয়েছে এবং নথিপত্রেও এটি আকবরনগর নামে নিবন্ধিত। তাঁরা অভিযোগ করেন, মীরারচরবাসী অন্যায়ভাবে বাজারের নাম পরিবর্তন করতে চায় এবং তাঁদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। অন্যদিকে মীরারচর গ্রামের বাসিন্দারাও পাল্টা অভিযোগ তুলে জানান যে, আকবরনগরের লোকেরা তাঁদের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আজিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষে একজন নিহতের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এবং জানান যে ঘরবাড়ির আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে। রেললাইন সচল করা এবং উভয় পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়