কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এবং তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. হানিফ খন্দকারকে নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রেক্ষিত সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত সোমবার বিকেলে কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচির সূচনা ঘটে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাবু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল এবং যুবদল নেতা সাহিদুল খাঁসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ তুলে ধরেন যে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অশালীন বক্তব্য দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। বক্তারা আরও দাবি করেন, তিনি অতীতে আওয়ামী লীগ নেতাদের সাথে ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং বর্তমানে দলের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
সংসদ সদস্য মুশফিকুর রহমান ও তাঁর পিএসকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যকে দলীয় শৃঙ্খলার পরিপন্থী ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে শরিফুল হক স্বপনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন তারা।
পিডিএস/এমএইউ









































