মানিকগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

হরিরামপুরে জমি বিরোধে নারীকে মারধর ও হোটেলে হামলার অভিযোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর, হোটেলে ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে তার ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে।

ভুক্তভোগী মনোয়ারা বেগম (৫০) বাদী হয়ে হরিরামপুর থানায় উল্লেখিত ২ জনকে আসামি করে অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার গালা ইউনিয়নের হাট বাসুদেবপুর এলাকার মৃত ছকেল উদ্দিনের ছেলে মো. হারেজ (৫২), এবং গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যেপাড়া এলাকার হাকিমউদ্দিনের স্ত্রী সালমা (৪৫)।

ঘটনা ও হামলার বিবরণ

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সালমার উস্কানিতে গত রবিবার (২৬ জুলাই) দুপুরে ঝিটকা বাজারে মনোয়ারা বেগম ও তার ছেলের হৈচৈ চা ঘর নামে পরিচালিত একটি হোটেলে গিয়ে তার ভাই হারেজ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

হামলার সময় হোটেলের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে তাকে কোপ দিতে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগী ও অভিযুক্তের বক্তব্য

সোমবার সরজমিনে ভুক্তভোগীর সাথে কথা বললে তিনি জানান, অভিযুক্তরা হোটেলে ভাঙচুর চালিয়ে ক্যাশবক্স থেকে প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া তার ছেলে সোহেলকে যেখানে পাবে সেখানে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে অভিযুক্ত মো. হারেজ জানান, এটা আসলে আমাদের ভাই-বোনের ব্যাপার, আমরা নিজেরাই বিষয়টা মীমাংসা করে নেবো।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়