ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী মানবাধিকারবিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (DIHR)-এর যৌথ উদ্যোগে “Human Rights – From Theory to Practice” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে শুরু হয়েছে।
কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করছে রয়্যাল ড্যানিশ অ্যাম্বাসি। ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি বিভাগের ৩২ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করছে। আগামীকাল ২৯ জুলাই ২০২৬ কর্মশালাটি শেষ হবে।
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তরুণদের মানবাধিকার, নাগরিক দায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, নীতিমালা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো এবং মানবাধিকার সুরক্ষা ব্যবস্থা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম, দলীয় আলোচনা এবং বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার তত্ত্বকে বাস্তব প্রয়োগের সঙ্গে সংযুক্ত করা হবে।
কর্মশালার বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, মৌখিক ও অমৌখিক যোগাযোগের গুরুত্ব এবং মানবাধিকারবিষয়ক বার্তা কার্যকরভাবে উপস্থাপনের কৌশল শেখানো হবে। একই সঙ্গে গল্প ও শিল্পের মাধ্যমে মানবাধিকারের বিষয়গুলো মানবিক ও সহজবোধ্যভাবে তুলে ধরার কৌশল সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হবে।
এছাড়া অংশগ্রহণকারীরা কমিউনিটির সমস্যা ও সংশ্লিষ্ট স্টোকহোল্ডার চিহ্নিতকরণ, ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শন, নাগরিক সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি, অ্যাডভোকেসি এবং নাগরিক শিক্ষার বিভিন্ন পদ্ধতি অনুশীলন করবেন। কর্মশালায় একটি কার্যকর অ্যাকশন প্রজেক্ট ডিজাইন, পর্যালোচনা, চূড়ান্তকরণ, বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পর্কেও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আগামীকাল কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীরা দলগতভাবে নিজ নিজ অ্যাকশন প্রজেক্টের পরিকল্পনা প্রস্তুত ও উপস্থাপন করবেন। তারা কমিউনিটির নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগের পরিকল্পনা তৈরি করবেন। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়, শেখার অগ্রগতি মূল্যায়ন এবং সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হবে।









































