জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : ঢাবি প্রো-ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেছেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার (২৮ জুলাই) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া লেকচার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার আয়োজিত জুলাই স্মৃতির স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য দেন। সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমা এবং প্রভাষক কে এম আফতাবুল ইসলাম তন্ময় অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নানাভাবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও আত্মদানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস শুধু স্মরণ করলেই হবে না; এর চেতনা বাস্তবায়নের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার, সমতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটবে না।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ : এ উপলক্ষ্যে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আজ ২৮ জুলাই মঙ্গলবার কলাভবনের ১০০৭ নং শ্রেণিকক্ষে ‘স্মৃতিপটে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক রওশন আক্তার।
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ : এ উপলক্ষ্যে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে ‘ফিরে দেখা জুলাই ২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, অনুষ্ঠানে ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট এবং কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল করিম প্রধান অতিথি এবং আইইউবিএটি-এর প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবি জসীম উদদী্ন হল : কবি জসীম উদদী্ন হলের উদ্যোগে আগামীকাল ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবকে উপজীব্য করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারী বিতর্ক, সন্ধ্যা ৭টায় জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় হল মসজিদে বিশেষ মোনাজাত, সন্ধ্যা ৭:৩০টায় হল অডিটোরিয়ামে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
ক্রিমিনোলজি বিভাগ : ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে আগামীকাল ২৯ জুলাই বুধবার দুপুর ২ টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘জুলাই বিপ্লব স্মৃতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত অতিথি এবং প্রক্টর মো. ইসরাফিল রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ : আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের আর আই খান অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ্ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
ইংরেজি বিভাগ : এ উপলক্ষ্যে ইংরেজি বিভাগের উদ্যোগে আগামী ৩০ জুলাই কলাভবনের ২০৮০ নম্বর কক্ষে ‘‘July Commemoration Programme’’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রাণিবিদ্যা বিভাগ : প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রফেসর ড. মাহমুদ-উল-আমিন মিলনায়তনে জুলাই বিপ্লবকে উপজীব্য করে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, স্থির আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট : এ উপলক্ষ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ৩ আগস্ট সকাল ১০:০০ টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান : দায়িত্ববোধ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।









































