রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, পিঠে ৪৩ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তার পিঠে ৪৩টি সেলাই লেগেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হামলাটি হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে তিন ব্যক্তি এসআই ওসমান গণির মোবাইল ফোনে কল করে তার বাসার গেটের সামনে ডেকে নেন, পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে কথা বলতে। ভুক্তভোগীর ধারণা, ওই ঘটনার সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার(২৩ জুলাই) রাত ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেও তিনি হামলাকারীকে ধাওয়া করেন, তবে তাকে আটক করতে পারেননি। পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই ওসমান গণির পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে। হামলায় তার পিঠের বড় অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।









































