বাজার থেকে তিন কোম্পানির তিন খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি কোম্পানির তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ আদেশ জারি করে। বিএফএসএর বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে হবে। ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ তুলে নিতে বলা হয়েছে।
এ ছাড়া, আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে প্রত্যাহার করে নিতে হবে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধ করার নির্দেশও দিয়েছে বিএফএসএ। পাশাপাশি সবাইকে এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দিয়েছে সরকারি এই সংস্থা।
বিএফএসএ বলেছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, গেল ৩ জুলাই অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।









































