ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবার সমান অধিকার: চিফ হুইপ

ছবি : প্রতিদিনের সংবাদ

"বাংলাদেশে কোনো মানুষ সংখ্যালঘু নয়, এখানে হিন্দু-মুসলমান সকলেরই সমান অধিকার রয়েছে। মানুষের মাঝে সম্প্রীতি এবং ধর্মের প্রতি ধর্মের পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। সকলে শান্তিতে বসবাস করবে, সব ধর্মের মানুষের অধিকার সমান।"

ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, "স্বাধীনতার ৫৪ বছরে কোনো নেতা বা কোনো সরকার এমন কথা বলেনি যে এই দেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সকলে মিলেমিশে শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করব। আমাদের সরকার সবসময় সাধারণ মানুষের কথা বলে। তারেক রহমান কৃষকের কষ্টের কথা ভেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছেন। দেশের কোনো মানুষ যেন কষ্ট না পান, তার জন্য নানা ধরনের কার্ডের ব্যবস্থা করেছেন—যেমন কৃষকের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবে, যেন পরিবারগুলো স্বাবলম্বী হতে পারে।"

তিনি আরও বলেন, "স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রী-এমপিরা দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার হাসিনার পরিবারের কাছ থেকে ইতোমধ্যে ৭৪ হাজার কোটি টাকা উদ্ধার করেছে। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কোনো নির্যাতন হয়নি, কোনো মন্দিরও ভাঙা হয়নি। হিন্দু-মুসলমান সকলে মিলেমিশে বসবাস করছে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন এটাই চেয়েছিল যে এ দেশের সবাই শান্তিতে থাকবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য দেশে ২৫ কোটি গাছ লাগানো হচ্ছে এবং কৃষি আবাদের সুবিধার্থে খাল খনন করা হচ্ছে।"

প্রধান অতিথি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, "দেশে কোনো উগ্রবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। এ দেশে কোনো উগ্রবাদের স্থান নেই। ধামরাইয়ের মানুষ মৌলবাদে বিশ্বাস করে না, ধামরাই সম্প্রীতির এলাকা। আমি সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধামরাইয়ের মানুষের এই অটুট বন্ধনের কথা জানাব। ধামরাই একটি ঐতিহ্যবাহী এলাকা, যেখানে হিন্দু ও মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে।"

মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)-এর সভাপতিত্বে শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমূল হাসান অভি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়