ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ডুমুরিয়ায় মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

ছবি : প্রতিদিনের সংবাদ

খুলনার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি বাজার জামে মসজিদের মুয়াজ্জিন কারিমুল ইসলামকে (৫৫) বৃহস্পতিবার ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

গুরুতর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে আঘাতের গভীরতা বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের দাবি, কারিমুল ইসলাম অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন এবং দীর্ঘকাল ধরে নিভৃতে মসজিদের খেদমত করে আসছেন। কারও সঙ্গে তাঁর কোনো বৈরিতা ছিল না। ফলে এই নৃশংস হামলার নেপথ্যে গভীর কোনো ষড়যন্ত্র বা পূর্বশত্রুতা থাকতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এলাকায় মাদক ও অপরাধী চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণেই সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বেড়েছে।

ঘটনার পরপরই ডুমুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়