রাজশাহী ব্যুরো

  ১ ঘণ্টা আগে

সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী ও মানবিক আচরণ করুন: নবীন এসআইদের আইজিপি

ছবি : প্রতিদিনের সংবাদ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, "পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। তাই অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে।"

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

আইজিপি বলেন, সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে। তিনি দ্রুত পরিবর্তনশীল অপরাধপ্রবণতা, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া নবীন কর্মকর্তাদের অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, তাঁদের সন্তানেরা আজ থেকে রাষ্ট্রসেবার এক গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ লাভ করল। তিনি ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশসেবার মহান ব্রতে আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।

পাঁচ শ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে শাহরিয়ার হাসান সিজান (পিএ-৪২৩১২), শ্রেষ্ঠ একাডেমিক মো. সাইফুল ইসলাম (পিএ-৪২৮০৬), মাঠপর্যায়ের কার্যক্রমে শ্রেষ্ঠ তৌকির আহমেদ (পিএ-৪২৩২৪), শ্রেষ্ঠ সাঁতারু আশরাফুল ইসলাম (পিএ-৪২৫০৩) এবং শ্রেষ্ঠ শুটার মো. কামরান শেখ (পিএ-৪২৩৩৯) নির্বাচিত হন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। এ সময় পাশে ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান।

অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়