বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
২ দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি

বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলার শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরে স্বাভাবিক ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ আন্দোলন চলছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে বাগমারা ডাকঘর কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের প্রায় ২৩ হাজার কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত স্বল্প বেতন-ভাতায় দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান বাজারমূল্যে এই সামান্য বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। তাই তাঁরা (১) বর্তমান বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং (২) বিভাগীয় কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।
তাঁরা আরও বলেন, তাঁদের দাবি আদায়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বাগমারা উপজেলা শাখা ডাকঘরের কর্মচারীরা তাঁদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। স্মারকলিপি প্রদানকালে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ









































