বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু

ছবি : প্রতিদিনের সংবাদ

সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রাহ্মমুহূর্তে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চনার মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবকে ঘিরে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের উদ্যোগে এবং বিশ্বরূপ মডেল মন্দিরের সভাপতি অরুণ চন্দ্র নাথ ও মহাসচিব অজয় কান্তি দে’র নেতৃত্বে টানা পঞ্চমবারের মতো এই মহোৎসবের আয়োজন করা হয়। বিকেলে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার রথ নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশনায় রথযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে।

এ ছাড়া উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ার উদ্যোগে, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে শ্রীশ্রী নরসিংহ লাল জিউর আখড়ার উদ্যোগে এবং বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে রথবাড়ির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।

রথযাত্রার রথ পরিক্রমায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশিকান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি রূপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণবীর পাল নিলু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, সদস্য সুজিত দেবসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রা সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকেরাও সার্বিক দায়িত্ব পালন করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়