রাজশাহী ব্যুরো

  ১ ঘণ্টা আগে

জুলাই আন্দোলন মুক্তিযুদ্ধের পর জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, "মহান মুক্তিযুদ্ধের পরে বাঙালি জাতির যদি কোনো শ্রেষ্ঠ অর্জনের কথা আমরা বলি, তবে এই জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলনকক্ষে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বাঙালি জাতির বিভিন্ন গণতান্ত্রিক ও ঐতিহাসিক অর্জনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্রসমাজ যখন কোনো ন্যায়সংগত আন্দোলনের নেতৃত্ব দেয়, তখন সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা প্রকাশ করে। জুলাই আন্দোলনও সেই ঐতিহ্যের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ সময় তিনি জুলাই আন্দোলনকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দেশের বৃহত্তর স্বার্থে নীতিগত ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কোনো কারণে আদর্শগত মতপার্থক্য থাকতে পারে, তবে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রাষ্ট্র পরিচালনায় প্রশাসনের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সকলকেই রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন ও রাজনীতির নিজ নিজ ক্ষেত্র পৃথক থাকলে দেশ ও জনগণ উপকৃত হবে।

তিনি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট অপরাধের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ লক্ষ্যে জেলা পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। দ্রুত বিচার নিশ্চিত হলে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।

বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের শিক্ষা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। সভায় তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহীদ শাকিব আনজুমের পিতা মো. মাইনুল হক তাঁর শহীদ সন্তানের স্মৃতিচারণ করেন। জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার খায়রুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, মহানগর বিএনপির সহসভাপতি ওয়ালিউল হক রানা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রফেসর ড. মো. জাহাঙ্গীর, রাজশাহী বারের অ্যাডভোকেট আবুল কাশেম, বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, এনসিপি রাজশাহীর প্রতিনিধি মোবাশের আলী, গণ-অভ্যুত্থান আন্দোলনের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়